ভলান্টিয়ার (নওগাঁ) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে নওগাঁর মহাদেবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে এলাকাবাসী তার বাড়ির কাছে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ রাত ২টার দিকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকা সূত্রে জানা যায়, দুই দিন আগে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের এক এসএসসি পরীক্ষার্থী তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) কে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। তার সে মন্তব্য ফেসবুকে প্রচার হলে এলাকার মুসল্লিরা মহানবীকে অবমাননার প্রতিবাদে ওই পরীক্ষার্থীকে গ্রেফতারের দাবিতে মিছিল বের করে।

জানা গেছে ঐ শিক্ষার্থী উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের বাসিন্দা এবং ঐ এলাকার একজন শিক্ষকের ছেলে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন সবাইকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।