ভলান্টিয়ার প্রতিনিধি: বুধবার দায়িত্বভার গ্রহণের পর সুপ্রিমকোর্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দুর্নীতি বাংলাদেশে ক্যান্সারের মতো কাজ করছে। এটা শুধু বিচার বিভাগে নয়, সব জায়গাতেই আছে। উদ্যোগ নিলে দুর্নীতি অপসারণ করা কোনো কঠিন কাজ হবে না। চেষ্টা করব সহকর্মীদের নিয়ে দুর্নীতি কিভাবে কমানো যায়।তবে, সামাজিক পরিবর্তন না আনলে শুধু বিচার করে, আইন-আদালত করে সমাজকে সঠিক পথে আনতে পারবেন না।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে বিচার বিভাগ- এটা আমি মনে করি না। বিচারকরা বিচারকদের কাজ করে যাচ্ছেন তাদের মতো করে। আমি শুধু একটি কথা বলব, আমাদের আইনজীবী বন্ধুরা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তারা আদালত অঙ্গনে যেন সহনশীলতার পরিচয় দেন। তারা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন। তাহলে এ উত্তাপগুলো আদালতে ছড়াবে না। সমাজের রাজনৈতিক বিষয়গুলো সম্বন্ধে আমাদের মন্তব্য করা ঠিক হবে না এবং এটা আমার বিষয়ও না। আমাদের সামনে যখন বিচার আসে, কোনো একটি মামলা আসে, সেটা আমাদের এবং অধঃস্তন আদালতে নিষ্পত্তি করতে হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এভিডেন্সের অভাবে মামলা প্রমাণ হলো না; এটা এক জিনিস। আরেকটি হলো মামলাটি মিথ্যা। মিথ্যা যখন কোর্ট বলে তখন তার রেমিডি আছে। এ ধরনের হয়রানিমূলক মামলা মানুষ করে না তা না, হয় তো করে। এর থেকে পরিত্রাণের পথ হলো সমাজে পরিবর্তন আনতে হবে।