ঢাকা প্রতিনিধি: জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক মিনার মনসুর। সোমবার (১২জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০ (২) অনুযায়ী মিনার মনসুরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক পদে নিয়োগ করা হয়। এর আগে ২০১৯ সালে এই পদে দায়িত্ব গ্রহণ করেন মিনার মনসুর।
মিনার মনসুরের জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে, চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার একাধিক কাব্যগ্রন্থ, জীবনীগ্রন্থ, গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ এবং সম্পাদিত গ্রন্থ রয়েছে।
পুনরায় পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায়, বাংলাদেশ বেসরকারি গণ গ্রন্থাগার পরিষদ এবং পাঠাগার আন্দোলন এর চেয়ারম্যান ইমাম হোসাইন অভিনন্দন জানিয়েছেন।
গ্রাম পর্যায়ে বই পড়া এবং পাঠাগার নিয়ে কাজ করে কুড়িগ্রামের পল্লী পাঠাগার এর প্রতিষ্ঠাতা এম রশিদ আলী বলেন, আমরা অত্যন্ত আনন্দিত, মিনার মনসুর স্যার এর অক্লান্ত পরিশ্রমের ফলে পাঠাগার গুলোর উন্নয়ন অব্যাহত রয়েছে, এই মেয়াদে আমরা শতভাগ সফলতা দেখবো, ইনশ্আল্লাহ।
